সালমান শাহ’র মরদেহ উত্তোলনের নির্দেশ বাতিল
অনলাইন ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর দীর্ঘ ৩০ বছর পর তার মরদেহ কবর থেকে উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। মঙ্গলবার (২৩ জুন) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ প্রদান করেন।
মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে আবেদন করেন। বাদীর আইনজীবী আবিদ হাসান জানান, দীর্ঘদিন পর মরদেহ উত্তোলন করলে কোনো কার্যকর ফলাফল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়া বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এবং শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলন ও পুনরায় ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেছিলেন। সেই প্রেক্ষিতে ২৪ মে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। কিন্তু বাদীপক্ষ এবং সালমান শাহর মা নীলা চৌধুরী এই আদেশের বিরুদ্ধে গভীর আপত্তি জানান।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহ’র মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাইসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। যদিও দীর্ঘদিন পার হওয়ার পর নতুন করে মরদেহ উত্তোলনের বিষয়টি মামলার তদন্তের অংশ হিসেবে দেখা হচ্ছিল, তবে সাম্প্রতিক আদালতের নতুন আদেশে সেই প্রক্রিয়াটি স্থগিত করা হয়েছে।
জান্নাত সকালবেলা
|