এক পোস্টেই যেন থামল জল্পনা
বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরে তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছিল জোর আলোচনা। বিজয়ের ৫২তম জন্মদিনে তৃষার দীর্ঘ নীরবতা এবং তাদের একে অপরকে আনফলো করার গুজবে সম্পর্কের অবনতি নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। তবে সব বিতর্ক থামিয়ে তৃষা নিজেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সাম্প্রতিক পোস্টে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ছবি প্রকাশ করেন তৃষা। ছবিতে দেখা যায়, একটি বড় কেকের পাশে দাঁড়িয়ে বিজয়ের দিকে হাসিমুখে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে তৃষা লিখেছেন, “যে মানুষ সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।” এই একটি পোস্টের মাধ্যমেই যেন সম্পর্কের অবনতি নিয়ে ছড়ানো যাবতীয় গুঞ্জনের উত্তর দিয়ে দিলেন তিনি।
অতীতেও বিজয়ের জন্মদিনে তৃষা বরাবরই বিশেষ পোস্ট করেছেন। গত কয়েক বছর ধরে কখনো লিফটের সেলফি, কখনো পোষা কুকুরের সাথে ছবি, আবার কখনো বরফে ঘেরা প্রাকৃতিক পরিবেশে তোলা ছবি দিয়ে তিনি বিজয়কে শুভেচ্ছা জানিয়ে আসছেন। এবছর শুরুতে কোনো পোস্ট না থাকায় স্বাভাবিকভাবেই ভক্তদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছিল।
২০০৪ সালের ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে ‘লিও’ পর্যন্ত বিজয় ও তৃষার রসায়ন দর্শকদের কাছে সবসময়ই সমাদৃত। এর মাঝে ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি এবং শপথগ্রহণ অনুষ্ঠানে তৃষার অংশ নেওয়া তাদের সম্পর্কের গভীরতাকে বারবার সামনে নিয়ে এসেছে। যদিও বিচ্ছেদ বা সম্পর্কের ধরণ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তারা, তবে জন্মদিনের এই পোস্টটি স্পষ্ট করল যে, সব জল্পনার ঊর্ধ্বে গিয়েই তাদের বন্ধুত্বের বন্ধন এখনো অটুট।
জান্নাত সকালবেলা
|