সরকার মৌলিক পরিবর্তনের দাবি অগ্রাহ্য করছে: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকার রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন কিংবা নির্বাচন কমিশন—কোনোটিই কার্যকরভাবে গড়ে তুলতে চাচ্ছে না। তার অভিযোগ, যেসব প্রতিষ্ঠানের কারণে অতীতে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, বর্তমান সরকার সেগুলোকে আগের মতো রেখেই দেশ পরিচালনা করছে। তিনি বলেন, “ফ্যাসিবাদ কায়েম হয়েছিল যেসব কারণে, সে সব জায়গা আগের মতো থেকে গেল।”
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও সংস্কার বিষয়ক গণভোটের প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় নেতা বলেন, জনগণের রায় ও মতামতকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে না। তিনি দাবি করেন, ৭০ ভাগ জনগণের গণভোটের রায়কে অগ্রাহ্য করা হয়েছে। তিনি বলেন, “আমরা যেখানে ছিলাম সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন আসলো না।”
দেশের বর্তমান পরিস্থিতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি অভিযোগ করেন, দেশ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যর্থতার কারণে দেশে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, “মানুষের জীবনে শান্তি নেই, নিরাপত্তা নেই। যুবকদের হাতে কাজ নেই। মা-বোনদের ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।”
গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, এটি কোনো দলীয় বিষয় নয়, বরং এটি জনগণের দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে এবং সংসদেও এ নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
জান্নাত সকালবেলা
|