সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ : অভিনেত্রী ভাবনা
বিনোদন ডেস্ক: অভিনয় ও চিত্রশিল্প—উভয় ক্ষেত্রেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজের বাইরে জীবনের বিশেষ মুহূর্তগুলো তিনি নিয়মিত ভক্তদের সাথে শেয়ার করেন। বর্তমানে সপরিবারে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখান থেকেই তিনি পবিত্র ওমরাহ পালনের ছবি ও নিজের অনুভূতির কথা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি ভাবনা। প্রথমবার কাবা দেখার মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, “প্রথমবার যখন কাবা ঘরের ওপর আমার দৃষ্টি পড়ল, আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার ভেতরের আবেগ, সেই পরম শান্তি আর মনের গভীর থেকে আসা কৃতজ্ঞতা কোনো কথা দিয়ে বোঝানো সম্ভব না। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ-ই মালিক।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে ভাবনাকে সম্পূর্ণ নতুন রূপে দেখা গেছে। বিনোদন জগতের গ্ল্যামার থেকে দূরে, তিনি পবিত্র কাবার প্রাঙ্গণে হাজির হয়েছেন বিনম্র পোশাকেহিজাব ও বোরকা পরিহিত অবস্থায়। ছবিতে তার সাথে বাবা, মা ও বোনকে দেখা যাচ্ছে। ভাবনার বাবা এহরাম পরিহিত অবস্থায় আছেন।
অভিনেত্রীর এই পবিত্র যাত্রার ছবিগুলো দেখে ভক্তরা তাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। অনেকেই মন্তব্যের ঘরে লিখেছেন যে, ভাবনার এই আধ্যাত্মিক সফর তাদের অনুপ্রাণিত করেছে।
জান্নাত সকালবেলা
|