গজারিয়ায় কলেজ ছাত্রকে নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করে মাদকদ্রব্যসহ ভিডিও ধারণ, নির্মম শারীরিক নির্যাতন এবং পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় গজারিয়া থানা-সংলগ্ন ব্যস্ততম মহাসড়ক এলাকায় এই প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া ভুক্তভোগী শিক্ষার্থীর একাধিক সহপাঠী গণমাধ্যমকে জানান, গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে ভবেরচর স্ট্যান্ড এলাকা থেকে তাদের সহপাঠী মো. রেদোয়ান আহমেদ হিমেলকে স্থানীয় একটি চিহ্নিত মাদক সিন্ডিকেটের সশস্ত্র সদস্যরা জোরপূর্বক আটক করে নির্জন স্থানে নিয়ে যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, হিমেলকে আটকে রেখে জোরপূর্বক তার সামনে মাদকদ্রব্য সাজিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। এ সময় তাকে মারাত্মকভাবে শারীরিক নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে ওই চক্রটি।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা গজারিয়া থানা-সংলগ্ন মহাসড়কে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা ওই মাদক সিন্ডিকেট ও বর্বরোচিত এ ঘটনার সঙ্গে জড়িত মূল সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন।
এ বিষয়ে আইনি পদক্ষেপ ও সুনির্দিষ্ট বক্তব্য জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করছেন স্থানীয় সচেতন মহল।
|