ঢাবি ওআইএর নতুন পরিচালক হলেন কালকিনির কৃতি সন্তান ড. মুস্তাক
বি.এম. হানিফ (কালকিনি প্রতিনিধি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (ওআইএ) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার কৃতি সন্তান ড. মুস্তাক ইবনে আয়ুব। গত ১ অক্টোবর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব পালন করছেন।
ড. মুস্তাক ইবনে আয়ুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। নতুন এই প্রশাসনিক পদের পাশাপাশি তিনি তাঁর নিয়মিত শিক্ষকতা ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে তিনি ঢাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যান্সার গবেষণায় ড. মুস্তাকের সুখ্যাতি রয়েছে। তিনি যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজিতে ডিফিল (ডক্টরেট) ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর থেকে ক্যান্সার জেনেটিক সার্ভিসেসে ফেলোশিপ অর্জন করেন এবং ইতালির ইউরেকা ইনস্টিটিউট অব ট্রান্সলেশনাল মেডিসিন থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক পদে তাঁর এই নিয়োগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সংগঠন, শিক্ষার্থী ও তাঁর জন্মভূমি কালকিনির সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
এআইএল/সকালবেলা