কেরানীগঞ্জের পোশাকপল্লীতে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
বিশেষ প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জের বিখ্যাত পোশাকপল্লীর একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নির্বাপন কাজ শুরু করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ জোড়া ব্রিজ সংলগ্ন পোশাকপল্লীর ‘আবুল হোসেন মার্কেটে’ এ আগুন লাগে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মার্কেটের একটি অংশ থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরবর্তীতে সহায়তার জন্য আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টা অব্যাহত ছিল।
এআইএল/সকালবেলা