গাজীপুরে স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
মহিউদ্দিন আহমেদ, গাজীপুর বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে নাজমুল হোসেন (৩০) নামের এক পিকআপচালক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলী গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন ওই গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মুরগিবাহী পিকআপের চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই কলহ হতো। দুই দিন আগে তাঁর স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। পরবর্তীতে নাজমুল নিজে গিয়ে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইলে তিনি আরো দুই দিন থাকার ইচ্ছা প্রকাশ করেন। এরপর নাজমুল তাঁর মাকে পাঠিয়েও স্ত্রীকে ফেরত আনতে ব্যর্থ হন। এই ঘটনার জেরেই স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে জানা গেছে।
কাওরাইদ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য রফিকা জানান, নাজমুল দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলেন। স্ত্রীকে আনতে গিয়ে ব্যর্থ হয়ে রাতে নিজ ঘরে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁসে ঝুলেন তিনি। রাত ২টার দিকে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। তিনি আরো জানান, এর আগেও স্ত্রীর সঙ্গে রাগ করে নাজমুল দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তবে সে সময় তাঁর স্ত্রী টের পেয়ে তাঁকে উদ্ধার করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|