গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলায় শ্বশুরবাড়ি এলাকা থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহমুদুল সদর উপজেলার বিজয়পাশা গ্রামের হায়দার আলী ভূঁইয়ার ছেলে এবং খাগড়াছড়ির মহালছড়িতে ৬-এপিবিএন-এ উপপরিদর্শক (এসআই-সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।

আজ সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শ্বশুরবাড়ির অদূরে একটি পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মূল কারণ জানা যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন