চেতনানাশকের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ
চেতনানাশকের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

মাসুম বিল্লাহ (বাগেরহাট): বাগেরহাটের ফকিরহাটে বাসাবাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্প্রে করা ওষুধের বিষক্রিয়ায় মো. হাফিজুর রহমান শিকারী (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম রিনা (৬৮) মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি উপজেলার বেতাগা এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) রাতে দুষ্কৃতকারীরা ঘরের জানালা দিয়ে বা অন্য কোনো কৌশলে ভেতরে ঢুকে চেতনানাশক স্প্রে করে। পরবর্তীতে স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল চুরি করে চম্পট দেয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা বাড়িতে তাঁদের দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর ঘরে সব মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে চেতনানাশকের বিষক্রিয়ায় মৃত্যুর আলামত পাওয়া গেছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা