ঘন কুয়াশায় মণিরামপুরে শীতের আগমনী বার্তা

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ণ
ঘন কুয়াশায় মণিরামপুরে শীতের আগমনী বার্তা

আব্দুল্লাহ আল মামুন (মণিরামপুর, যশোর): যশোরের মণিরামপুরে ভোরের ঘন কুয়াশা ও ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শরতের শেষভাগে এসে উপজেলার বিভিন্ন এলাকায় ভোরে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে পথঘাট, প্রান্তর ও ফসলের জমি।

স্থানীয়রা জানান, দিনের বেলায় স্বাভাবিক গরম অনুভূত হলেও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা ঠান্ডা আবহাওয়া থাকছে। ভোরের স্নিগ্ধ কুয়াশাচ্ছন্ন পরিবেশ রূপ বদলে দিয়েছে গ্রামীণ প্রকৃতির।

ভোরে কৃষক, শ্রমজীবী ও পথচারীদের ঘন কুয়াশার পথ ঠেলে দৈনন্দিন কাজের তাগিদে বের হতে দেখা যাচ্ছে। পাশাপাশি সড়কগুলোতে দৃষ্টিসীমা কমে আসায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে।

প্রকৃতির এমন পরিবর্তন ও হিমেল বাতাসের আমেজ ইঙ্গিত দিচ্ছে, দোরগোড়ায় কড়া নাড়ছে শীতকাল।

এআইএল/সকালবেলা