আটক সেই দারোগা থানা থেকে পালিয়েছে

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ণ
আটক সেই দারোগা থানা থেকে পালিয়েছে

সাঈদ পান্থ (বরিশাল): বরিশাল নগরীর একটি নেতার বাসায় মাদকের আসর থেকে নারীসহ আটক হওয়া বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন থানা হেফাজত থেকে পালিয়ে গেছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত এএসআই দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই কৌশলে থানা থেকে পালিয়ে যান। তবে বিষয়টিকে থানা পুলিশ গুরুত্ব না দিয়ে লুকোচুরি করার চেষ্টা করছে। এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, তিনি পালিয়ে যাননি; বরং লোকলজ্জা বা ভয়ে হয়তো নিজেকে আড়াল করে রেখেছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। ওই আসর থেকে এএসআই দেলোয়ারসহ এক নারী ও মোট চারজনকে আটক করা হয়। পরবর্তীতে এএসআই দেলোয়ারকে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছিল।

সেখান থেকেই বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চম্পট দেন। অভিযুক্ত এএসআই দেলোয়ার হোসেন খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা।

এআইএল/সকালবেলা