অপহরণ নয়, স্বেচ্ছায় স্বামীর বাড়ি আসার দাবি সেই কলেজছাত্রীর
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণের খবরের মধ্যে ফেসবুক লাইভে এসে ঘটনার সত্যতা অস্বীকার করেছেন ওই তরুণী। নিজের ইচ্ছাতেই ছাত্রদল নেতা রিজভীর সাথে ঘর ছেড়েছেন বলে দাবি করেছেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ওই কলেজছাত্রী ও রিজভী যুগপৎভাবে এই দাবি উত্থাপন করেন।
লাইভে রিজভী জানান, তরুণীর সাথে তাঁর প্রায় দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তরুণী অভিযোগ করেন, পারিবারিকভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তাঁকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হলেও পরবর্তীতে জোরপূর্বক বিচ্ছেদের চাপ সৃষ্টি করা হয়েছিল। এজন্য তিনি স্বেচ্ছায় আবারও স্বামীর কাছে ফিরে এসেছেন।
সামাজিক মাধ্যমে ছড়ানো অপহরণের খবরকে ভিত্তিহীন দাবি করে ওই তরুণী বলেন, তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছায় ভালোবেসে স্বামীর কাছে এসেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এআইএল/সকালবেলা