গাজার কষ্ট যে অনুভব করে না, সে মানুষ নয়: মিসর কোচ

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ণ
গাজার কষ্ট যে অনুভব করে না, সে মানুষ নয়: মিসর কোচ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বমঞ্চে ফুটবলের রোমাঞ্চের মাঝেই ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান মানবিক সংকট নিয়ে এক আবেগঘন ও সাহসী বক্তব্য দিয়েছেন মিসর জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেছেন, “পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট ও বেদনা অনুভব করতে না পারে, তবে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান—যেই হোক না কেন।”

ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ শেষ ষোলোর (নকআউট) ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি বৈশ্বিক এই মানবিক সংকটের কথা তুলে ধরেন তিনি।

এর আগে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে ঐতিহাসিক জয় লাভ করে মিসর। ম্যাচ জয়ের পর মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেন কোচ হোসাম হাসান এবং এই গৌরবময় জয়কে তিনি ফিলিস্তিনিদের উৎসর্গ করেন।

সংবাদ সম্মেলনে মাঠের সেই উদযাপনের বিষয়ে জানতে চাওয়া হলে মিসরীয় কোচ বলেন, “এটি ছিল শুধুই একজন সচেতন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া।”

বিশ্বের প্রভাবশালী দেশগুলোর দ্বিমুখী আচরণের সমালোচনা করে হোসাম হাসান বলেন, “বিশ্বের যেকোনো প্রান্তে সামান্য কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও মানুষ সোচ্চার হয়ে ওঠে, প্রতিবাদ করে। অথচ গাজায় হাজার হাজার নিরীহ ও নিরপরাধ মানুষ নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারাচ্ছেন, আর সেই খবরগুলো এখন বিশ্ববাসীর কাছে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে!” তিনি মনে করেন, ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে সবার আগে মানুষ হিসেবে প্রত্যেকেরই এই চরম নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো উচিত।

তিনি আরও যোগ করেন, “আমি একজন আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে বিশ্বকে আমি এই বার্তাই দিতে চাই—ফিফা যেভাবে মাঠে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, ঠিক তেমনি মাঠের বাইরেও মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকারকে সম্মান জানানো উচিত।”

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এ পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের সিংহভাগই নারী ও শিশু। এছাড়া বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ ধ্বংসস্তূপের মাঝে মানবেতর জীবনযাপন করছেন। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্বজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি অনেক খ্যাতিমান ক্রীড়াবিদও ফিলিস্তিনের প্রতি প্রকাশ্যে সংহতি জানিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে আগামী ম্যাচের প্রতিপক্ষ আর্জেন্টিনা ও মহাতারকা লিওনেল মেসিকে নিয়েও কথা বলেন হোসাম হাসান। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ফুটবল নিয়েও নিজের আত্মবিশ্বাস ফুটিয়ে তোলেন তিনি। মিসরীয় কোচ বলেন, “আমাদের স্বপ্নের কোনো সীমানা নেই। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা বিলিয়ে দেব। আমরা নিজেদের কখনোই ছোট দল মনে করি না।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন