ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার

অনলাইন ডেস্ক : একসময় ফুটবল মাঠে নিজের অনবদ্য পায়ের জাদুতে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে গিয়ে সেই স্বাভাবিক ছন্দ ও ধার হারিয়েছেন নেইমার জুনিয়র। বারবার গুরুতর চোটে পড়া এবং পুনর্বাসন শেষে আগের ফর্মে ফিরতে না পারার তীব্র হতাশা থেকে এবার পেশাদার ফুটবল ছাড়ার কথা গুরুত্ব দিয়ে ভাবছেন ব্রাজিলের এই মহাতারকা।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম ‘ফুট মেরকাতো’-র এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রমাগত শারীরিক সমস্যা ও বারবার ইনজুরিতে পড়ে নিজের সেরা ছন্দে ফিরতে না পারার মানসিক চাপ নেইমারকে চূড়ান্ত অবসরের চিন্তা করতে বাধ্য করছে।

সম্প্রতি কিংস লিগ টুর্নামেন্ট উপলক্ষে ব্রাজিলের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ক্রিস গুয়েদেসের সঙ্গে এক আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৪ বছর বয়সী নেইমার। সেখানে বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) সাবেক এই ফরোয়ার্ড জানান, তিনি আগামীতে কিংস লিগে অংশ নিতে চান। তবে কথা প্রসঙ্গে যখন ২০৩০ সাল পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার একটি সম্ভাবনা উঠে আসে, তখন গুয়েদেস তাকে মনে করিয়ে দেন যে ২০৩০ সালে তার বয়স হবে ৩৯ বছর, যা তার সামনে আরও পাঁচ-ছয় বছর খেলার সুযোগ নির্দেশ করে।

কিন্তু এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে নেইমার সংক্ষেপে বলেন, “না, আমি পারব না।”

গুয়েদেস অবাক হয়ে একই বিষয় আবার নিশ্চিত হতে চাইলে নেইমারের সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন জবাব ছিল, “আপনি যদি আমার জায়গায় থাকতেন, তবে আমার কষ্টটা বুঝতে পারতেন।”

বারবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাওয়া এবং প্রতিবার মাঠে ফেরার পর নতুন করে ফের চোট পাওয়ার আশঙ্কায় থাকা নেইমারের শারীরিক ও মানসিক অবস্থায় গভীর প্রভাব ফেলেছে। ফলে সবুজ গালিচাকে চিরতরে বিদায় জানানোর বিষয়টি এখন আর তাঁর কাছে দূরের কোনো চিন্তা নয়।

উল্লেখ্য, ক্যারিয়ারের অন্তিমলগ্নে বর্তমানে নিজের শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলছেন নেইমার। তবে চোটজর্জর এই ক্যারিয়ার আর কত দিন টেনে নিয়ে যাবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও অবসরের বার্তাটা বেশ স্পষ্টভাবেই দিয়ে রাখলেন সেলেসাও তারকা।

সকালবেলা/ নুসরাত