মার্কিনদের বিদায়ে তিন গুণ কমল টিকিটের মূল্য
ক্রীড়া প্রতিবেদকঃ ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর (রাউন্ড অব ১৬) রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইনআপ। যোগ্যতার প্রমাণ দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে আটটি শক্তিশালী দল। আগামীকাল থেকেই সেমিফাইনালে ওঠার এই মরণপণ লড়াই শুরু হতে যাচ্ছে। তবে ফুটবলীয় শ্রেষ্ঠত্বের এই মঞ্চে শেষ ১৬-এর ম্যাচ থেকেই ক্রিশ্চিয়ানো রোনালদোর (CR7) পর্তুগাল এবং যৌথ আয়োজক দল মার্কিন যুক্তরাষ্ট্র ছিটকে যাওয়ায় মাঠের বাইরে বড় এক ধাক্কা খেয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিশ্বমঞ্চ থেকে এই দুই জনপ্রিয় দলের আকস্মিক বিদায়ে কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে নজিরবিহীন ধস নেমেছে। টুর্নামেন্টের টিকিটের মূল্য এক ধাক্কায় প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক টিকিট বিপণন ও বিক্রির তথ্য বিশ্লেষণকারী বিশ্ববিখ্যাত মার্কিন সংস্থা ‘টিকপিক’ (TickPick)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আগামী শুক্রবার হতে যাওয়া স্পেন এবং বেলজিয়ামের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট-ইন প্রাইস) যেখানে আগে ছিল ২ হাজার ৯৫০ মার্কিন ডলার, স্বাগতিকদের বিদায়ের পর তা এক ধাক্কায় কমে দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ২০০ মার্কিন ডলারে।
টিকিট সংশ্লিষ্টরা জানিয়েছেন, শেষ ষোলোর নকআউট ম্যাচে ইউরোপীয় পরাশক্তি স্পেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পরই মূলত টিকিটের বাজারে এই মন্দা দেখা দেয়। কোয়ার্টার ফাইনালে যদি হোম টিম বা স্বাগতিক আমেরিকা থাকত, তবে স্থানীয় ফুটবল সমর্থকদের আকাশচুম্বী চাহিদার কারণে এই টিকিটের দাম আগের চেয়ে অন্তত তিন গুণ বেশি দামে বিক্রি হতো বলে ধারণা করা হচ্ছিল।
টিকিটের মূল্য এভাবে আকস্মিক কমে যাওয়ার পেছনে পর্তুগালের বিদায়কেও অন্যতম প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। নকআউট পর্বে স্পেনের কাছে হেরে পর্তুগাল বিদায় নেওয়ায় শুধু ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোই বিশ্বকাপ থেকে ছিটকে যাননি, বরং টুর্নামেন্টের অন্যতম প্রধান গ্ল্যামার ও আকর্ষণ হারিয়েছে কাতার বিশ্বকাপের পর এই আসরটি। অথচ সমীকরণ অনুযায়ী, শেষ আটে ফুটবলপ্রেমীরা মার্কিন যুক্তরাষ্ট্র বনাম পর্তুগালের একটি ব্লকবাস্টার ম্যাচ দেখার অপেক্ষায় ছিল। রোনালদো ও হোম টিমের উপস্থিতি থাকলে টিকিটের মূল্য কালোবাজারিসহ সব রেকর্ড ভেঙে দিত।
টিকপিক-এর তথ্য অনুযায়ী, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি নিয়ে দর্শকদের মাঝে তেমন একটা আগ্রহ বা টিকিটের চাহিদা দেখা যাচ্ছে না। চলতি বিশ্বকাপের চারটা কোয়ার্টার ফাইনাল ম্যাচের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট, যার সর্বনিম্ন মূল্য শুরু হয়েছে মাত্র ৯৮৯ মার্কিন ডলার থেকে। উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে লাতিন আমেরিকার দল প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছেন কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে উত্তর আমেরিকার শক্তিশালী দল কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টারে পৌঁছেছে আফ্রিকান জায়ান্ট মরক্কো।
এদিকে, টুর্নামেন্টের অন্যতম হাইভোল্টেজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে। এই ম্যাচে ফুটবলবিশ্ব দেখতে পাবে বর্তমান সময়ের দুই সেরা স্ট্রাইকার হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের মাঠ কাঁপানো দ্বৈরথ। আর শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
বিশ্বকাপের এই চারটি মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেমসের হার্ডরক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির বিখ্যাত অ্যারোহেড স্টেডিয়ামকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। টিকিটের দাম কমলেও মাঠের লড়াইয়ে কোনো কমতি থাকবে না বলে আশা করছেন সাধারণ ফুটবল সমর্থকেরা।
|