কবি আল মুজাহিদী আর নেই
স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী আর নেই।
আজ শুক্রবার (১৯ জুন) বেলা ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজই ছিল বিশিষ্ট এই কবি ও সাহিত্যিকের ৮৩তম জন্মদিন। তাঁর মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কবি আল মুজাহিদীর মেয়ে মারিয়ামা জানান, তাঁর বাবা প্রায় দুই বছর ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ইতিপূর্বে তাঁর হার্টে দুইবার রিং পরানো হয়েছিল। গত বছরের জুলাইয়ে তিনি চিকুনগুনিয়ায় আক্রান্ত হন এবং পরবর্তীতে তাঁর কিডনিতেও জটিলতা দেখা দেয়।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৩ এপ্রিল তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিছুটা সুস্থ হওয়ায় ২৬ মে উত্তরার ১০ নম্বর সেক্টরের নিজ বাসভবনে আনা হলেও ৪ জুন পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় চিকিৎসকেরা জানান, তাঁর কিডনি ও হৃদ্যন্ত্রসহ একাধিক অঙ্গের কার্যকারিতা আশঙ্কাজনকভাবে কমে গেছে।
মারিয়ামা আরও জানান, বাবার শারীরিক অবস্থার তীব্র অবনতি ঘটলে গত ১৫ জুন পুনরায় তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরদিন থেকেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। আজ শুক্রবার দুপুরে তিনি গুরুতর হৃদ্রোগে (কার্ডিয়াক অ্যারেস্ট) আক্রান্ত হলে বেলা ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজার সময় এখনো চূড়ান্ত করা হয়নি। তবে কবিকে আগামীকাল শনিবার মিরপুর বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কবি আল মুজাহিদী ১৯৪৩ সালের ১৯ জুন টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’। তাঁর ২০টিরও বেশি কাব্যগ্রন্থসহ অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থ রচনায় তিনি তাঁর অনন্য মেধার স্বাক্ষর রেখে গেছেন।
এআইএল/সকালবেলা
|