ইউএইতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
ইউএইতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-ছেলের মৃত্যু

আমিনুল ইসলাম হিমেল (সংযুক্ত আরব আমিরাত): সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা প্রবাসীর স্ত্রী ও তাঁর একমাত্র ১৫ বছর বয়সী ছেলের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—অসীমা চৌধুরী (৪৮) ও তাঁর ছেলে অরিত্র বিশ্বাস (১৫)। তাঁদের বাড়ি বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখীল গ্রামে।

ঘনিষ্ঠ স্বজনদের বরাতে জানা গেছে, সৌরভ বিশ্বাস তাঁর নিজস্ব গাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আবুধাবির উপকণ্ঠে আল ওয়াথবা এলাকায় যাচ্ছিলেন। পথে আবুধাবি-আল আইন রোডের আল ওয়াথবা এক্সিট-৪৭ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ফোর-হুইল গাড়ি তাঁদের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে তাঁদের গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর আবুধাবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে মাফরাক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত সৌরভ বিশ্বাসকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ঘাতক গাড়িটি জব্দ এবং চালককে আটক করেছে আবুধাবি পুলিশ। প্রবাসে একই পরিবারের মা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের গ্রামের বাড়ি বোয়ালখালীতে শোকের ছায়া নেমে এসেছে।

এআইএল/সকালবেলা