তুরস্কে উলামা সম্মেলন: আমন্ত্রণ পেলেন বাংলাদেশের শীর্ষ ৪ আলেম
ডেস্ক রিপোর্ট: তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’। গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দেওয়ার বিশেষ আমন্ত্রণ পেয়েছেন দেশের চার বিশিষ্ট ও শীর্ষস্থানীয় আলেম। ইতোমধ্যে আমন্ত্রিত আলেমদের ভিসা প্রক্রিয়াসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
ফিলিস্তিনি ওলমা পরিষদের (হাইআতু উলামা-ই ফিলিস্তিনি) উদ্যোগে আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই সম্মেলন চলবে। বিশ্বখ্যাত এই সম্মেলনে অংশ নিতে চলতি মাসেই ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশি প্রতিনিধিদল।
সম্মেলনে আমন্ত্রিত শীর্ষ আলেমরা হলেন— দেশের সর্ববৃহৎ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এ ছাড়া দেশের প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ আরও বেশ কয়েকজন আলেম ও চিন্তাবিদ এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলনের অন্যতম আমন্ত্রিত অতিথি মুফতি রেজাউল করীম আবরার।
আসন্ন এই সম্মেলনকে সফল করতে তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে একটি বিশেষ সুপারিশপত্র পাঠিয়েছে আয়োজক সংগঠন হাইআতু উলামা-ই ফিলিস্তিন। চিঠিতে বলা হয়েছে, মুসলিম বিশ্বের আলেমদের মধ্যে পারস্পরিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি ফিলিস্তিন ও পবিত্র আল-কুদস (জেরুজালেম) ইস্যুতে আন্তর্জাতিক পরিমণ্ডলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বৃহৎ পরিসরে সম্মেলনটি আহ্বান করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই আয়োজনে বিশ্বজুড়ে চলমান ফিলিস্তিনি সংকট নিরসনে আলেম সমাজের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এআইএল/সকালবেলা
|