৭ নভেম্বরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু
৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার মাধ্যমেই মূলত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মূল ভিত্তি স্থাপিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ জেলার বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুইপ দুলু বলেন, "আজকের এই দিনে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ৭ নভেম্বরই সেই ভিত্তি স্পষ্টভাবে স্থাপিত হয়েছিল। বাংলাদেশের এই সামগ্রিক অগ্রযাত্রার পথে অতীতে বারবার বাধা সৃষ্টি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই।"
ইতিহাস বিকৃতির সমালোচনা করে তিনি আরও বলেন, "আমাদের দেশে দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে সত্য ইতিহাস বিকৃত করা হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। এর মাধ্যমে মূলত জাতি হিসেবে আমরা নিজেদেরই ছোট করেছি। তাই এখন পেছনে তাকানোর কোনো অবকাশ নেই। আমরা প্রতিহিংসা বা আক্রমণের রাজনীতি আর দেখতে চাই না; আমরা চাই দেশের অখণ্ড সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং টেকসই অর্থনৈতিক মুক্তির মাধ্যমে প্রিয় মাতৃভূমিকে সামনে এগিয়ে নিতে।"
নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন— জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম এবং বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।
এর আগে সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকাল ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে পুনরায় বক্তব্য রাখেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা ও বাবুল চৌধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।