বাংলাদেশি আলেমের আরবি গ্রন্থে মুগ্ধ আরবের শায়েখগণ

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ণ
বাংলাদেশি আলেমের আরবি গ্রন্থে মুগ্ধ আরবের শায়েখগণ

আমিরুল ইসলাম লুকমান, সকালবেলা অনলাইন: বিশিষ্ট হাদিস বিশারদ মাওলানা আব্দুল মতিন রচিত জামে তিরমিযির পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিযি’-এর ১৭ খণ্ডের প্রকাশনা উপলক্ষে রাজধানীতে এক আন্তর্জাতিক ইলমী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা: প্রসঙ্গ জামে তিরমিযি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক এই সেমিনার আয়োজিত হয়। এতে দেশ-বিদেশের খ্যাতনামা আলেম, মুহাদ্দিস ও গবেষকরা অংশ নেন।

আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় ২৬ বছরের নিবিড় গবেষণার ফসল এই ১৭ খণ্ডের সংকলনটি। বাংলাদেশি কোনো আলেমের হাত ধরে রচিত জামে তিরমিযির এটিই প্রথম পূর্ণাঙ্গ আরবি ব্যাখ্যাগ্রন্থ, যা ইতিমধ্যে বৈশ্বিক ইসলামিক পণ্ডিতদের নিকট প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বিদেশী মেহমান ও গবেষকরা কিতাবটির গভীরতা ও আন্তর্জাতিক মান দেখে গভীর মুগ্ধতা প্রকাশ করেন, এর ভূয়সী প্রশংসা করেন এবং গ্রন্থটিকে এক ‘অসাধারণ’ ও ঐতিহাসিক সংযোজন বলে অভিহিত করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানী বলেন, "দীর্ঘদিনের ত্যাগ ও গবেষণার ফসল এই গ্রন্থটি ইসলামিক গবেষণায় এক মাইলফলক হয়ে থাকবে।"

সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা আবুল বাশার উল্লেখ করেন যে, এই সংকলনটি হাদিস পাঠদান ও প্রাতিষ্ঠানিক গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

স্বাগত বক্তব্যে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমিদুল মাওলা জানান, প্রাথমিক খণ্ডগুলো প্রকাশের পর থেকেই দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে অভূতপূর্ব সাড়া মেলেছে। আন্তর্জাতিক মান বজায় রেখেই এটি মুদ্রণ করা হয়েছে।

গ্রন্থকার মাওলানা আব্দুল মতিন বলেন, "২০০১ সালে জামে তিরমিযির দরস প্রদানের মাধ্যমে এই কাজের সূচনা। ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে মূল লেখা সম্পন্ন হলেও এর পেছনে প্রায় আড়াই দশকের নিরলস মেধা ও শ্রম জড়িয়ে রয়েছে।"

সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, দক্ষিণ আফ্রিকার শায়খ ইসহাক বানা, মক্কার আলেম ড. শায়খ আব্দুল আজিজ আলহাজ, দারুল উলুম দেওবন্দের শূরা সদস্য শায়খ হাসান মাহমুদ রাজস্থানী, মুফতি দিলাওয়ার হুসাইনসহ দেশ-বিদেশের বরেণ্য শিক্ষাবিদগণ।

অনুষ্ঠানে হাদিস চর্চাকে উৎসাহিত করতে ১০০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে গ্রন্থটির ১৭ খণ্ডের পূর্ণাঙ্গ সেট বিনামূল্যে তুলে দেওয়া হয়। সর্বশেষে বিশিষ্ট আলেম মাওলানা মাহমুদুল হাসানের বিশেষ মোনাজাতের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন