নগদ ইসলামিকের কোরআন তিলাওয়াতে বিজয়ী ৯ জন

প্রকাশ: রবিবার, ০২ আগস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
নগদ ইসলামিকের কোরআন তিলাওয়াতে বিজয়ী ৯ জন

ডিজিটাল ডেস্ক: নগদ ইসলামিক-এর উদ্যোগে আয়োজিত 'সন্তানের কণ্ঠে কোরআন তিলাওয়াত' প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন উদ্যোক্তাদের ৯ সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে আগত প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে এই ৯ জন সেরার সম্মাননা অর্জন করেন।

সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা নামে। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতা ২৮ জুলাই চূড়ান্ত আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়। নতুন প্রজন্মের মধ্যে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই নগদ লিমিটেড এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকমণ্ডলীর সামনে ৩০ জন খুদে প্রতিযোগী সরাসরি কোরআন তিলাওয়াত পরিবেশন করে। চূড়ান্ত মূল্যায়নে তিনটি বিভাগে (ক, খ ও গ) সেরা ৩ জন করে মোট ৯ জন শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে ভূষিত করা হয়। বিজয়ী ৯ জনের পাশাপাশি চূড়ান্ত পর্বের বাকি প্রতিযোগীদেরও বিশেষ সম্মাননা অর্থ ও সনদপত্র প্রদান করে কর্তৃপক্ষ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ আয়োজকদের ধন্যবাদ জানান এবং ক্বারিদের মূলধারার কর্মসংস্থানে যুক্ত করার লক্ষ্যে মাদ্রাসা শিক্ষিত ৬ জনকে নগদে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে নগদ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নগদ ইসলামিক শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন