বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক দুই ইসলামিক স্কলার
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামগ্রিক শিক্ষাকার্যক্রম পর্যবেক্ষণ এবং দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের উদ্দেশ্যে ১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের বিশিষ্ট দুই ইসলামি স্কলার। ‘মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশ’-এর বিশেষ আমন্ত্রণে তাঁরা এই সফরে আসছেন।
সফরকারী মেহমানদ্বয় হলেন— মাওলানা মাসুম উল হক নকশবন্দী মোজাদ্দেদী এবং শাইখুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ।
মারকাযুল ফুরকান ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাওলানা মাসুম উল হক এশিয়ার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাকেন্দ্র পাকিস্তানের ‘দারুল উলুম হাক্কানিয়া আকোড়া খটক’-এর একজন কৃতি গ্র্যাজুয়েট। তিনি বিশ্বখ্যাত আধ্যাত্মিক সাধক পীর জুলফিকার আহমদ নকশাবন্দী (রহ.)-এর অন্যতম খলিফা এবং চার তরিকাতেই খেলাফতপ্রাপ্ত। তাসাওউফের খেদমতের পাশাপাশি তিনি একজন প্রখ্যাত হাকিম (চিকিৎসক) হিসেবে পাকিস্তানে ব্যাপকভাবে সমাদৃত।
অন্যদিকে, পীর জুলফিকার আহমদ নকশাবন্দী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান ‘মাহাদুল ফকীর আল-ইসলামী’-এর শায়খুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মুহাম্মদ একজন উঁচু মাপের আলেম ও বাগ্মী। সাধারণ মানুষ থেকে শুরু করে বিদগ্ধ আলেম সমাজ— সব শ্রেণির শ্রোতাদের উপযোগী করে সাবলীল, মিষ্ট ও জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য তাঁর বিশেষ খ্যাতি রয়েছে।
বাংলাদেশ সফরকালে এই দুই স্কলার দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় মাদরাসা ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’-এর প্রধান মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়ার আমন্ত্রণে তাঁরা চট্টগ্রামের বড় বড় মাদরাসাগুলোও পরিদর্শন করবেন।
এই আধ্যাত্মিক ও শিক্ষামূলক সফরকে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত মেহমানদের বাংলাদেশে অবস্থানের জন্য ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে এক মাসের ভিজিট বা কালচারাল ভিসার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|