নেক আমলের সওয়াব ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি: হাদিসের আলোয় করণীয়

প্রকাশ: রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ণ
নেক আমলের সওয়াব ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি: হাদিসের আলোয় করণীয়
ইসলামে নেক আমল ও সওয়াব বৃদ্ধির মহিমা

অনলাইন ডেস্কঃ পার্থিব এই ক্ষণস্থায়ী জীবন মূলত একজন মুমিন বান্দার জন্য পরীক্ষা ক্ষেত্রস্বরূপ। আখেরাতের চিরন্তন জীবনে সফলতা অর্জনে মহান রাব্বুল আলামিনের নির্দেশাবলি মেনে চলার পাশাপাশি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো সুন্নাহ ও উত্তম আমলের মাধ্যমে নিজেকে সুশোভিত করা জরুরি।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, “জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।” (সুরা কাহাফ, আয়াত: ৭)। অপর এক আয়াতে ঘোষণা এসেছে, “যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে।” (সুরা বাকারা, আয়াত: ২৫)

ইবাদত-বন্দেগির পাশাপাশি পাপ কাজ থেকে নিজেকে সংযত রেখে মহানবীর (সা.) অনুসরন করলে মিলবে মহা পুরস্কার। বর্ণিত একাধিক সহিহ হাদিসে বলা হয়েছে, বান্দার প্রতিটি সৎ ও নেক কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াবের পরিমাণ ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন।

হাদিসের আলোকে সওয়াব বৃদ্ধির প্রমাণসমূহ:

১. উত্তমরূপে ইসলামে অবিচল থাকা:

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— “তমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের ওপর কায়েম থাকে, তখন সে যে নেক আমল করে তার প্রত্যেকটির বিনিময়ে সাতশ’ গুণ পর্যন্ত (সওয়াব) লেখা হয়। আর সে যে মন্দ কাজ করে তার প্রত্যেকটির বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয়।” (সহিহ বুখারি, হাদিস: ৪০)

২. ভাল কাজের ইচ্ছা ও বাস্তবায়ন:

হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসে কুদসীতে রাসুল (সা.) বলেন, আল্লাহ তাআলা নেকী ও বদীসমূহ চিহ্নিত করে তার বর্ণনা দিয়েছেন। যদি কোনো ব্যক্তি সৎ কাজ করার সদিচ্ছা পোষণ করে কিন্তু তা বাস্তবে রূপ দিতে না পারে, তবুও আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকী লিখে দেন। আর ইচ্ছা পোষণের পর কাজটি সম্পন্ন করলে ১০ থেকে ৭০০ গুণ, এমনকি তার চেয়েও বহুগুণ বেশি সওয়াব লিপিবদ্ধ করা হয়। বিপরীতপক্ষে, কোনো মন্দ কাজের চিন্তা করেও তা থেকে বিরত থাকলে পূর্ণ একটি নেকী মেলে এবং মন্দ কাজ করে ফেললে কেবল একটিমাত্র পাপ লেখা হয়। (সহিহ বুখারি, হাদিস: ৬০৪৭)

৩. আল্লাহর পথে দান-সদকা:

হযরত খুরয়ম ইবনু ফাতিক (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পথে কিছু ব্যয় বা দান করবে, তার জন্য এর বিনিময়ে ৭০০ গুণ সওয়াব প্রদান করা হবে।” (মিশকাত, হাদিস: ৩৮২৬)

মন্তব্য করুন