ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬৬২ জন গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬৬২ জন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও ধারাবাহিক অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে অপরাধে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন থানায় মোট ৪৩টি মামলা রুজু করা হয়েছে।

আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত রবিবার রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা জোন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর বিভিন্ন বিভাগে গ্রেপ্তারকৃতদের মধ্যে—মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪০ জন, ওয়ারী বিভাগে ৯৩ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, লালবাগ বিভাগে ৭৮ জন, গুলশান বিভাগে ৭৮ জন, উত্তরা বিভাগে ৫৭ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় অপরাধীদের কাছ থেকে বড় ধরনের মাদকের চালান ও অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৪ হাজার ৬২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩৫০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ। এ ছাড়া অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা জব্দ করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

সকালবেলা / নুসরাত