কৃষি সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
কৃষি সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক

স্টাফ রিপোর্টার: দেশের কৃষিবিষয়ক সাংবাদিকতায় বিশেষ ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন মাধ্যমের ৯ জন সাংবাদিককে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে নগদ ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এবারের বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ী সাংবাদিকরা হলেন— দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের শাহাদাত হোসেন বিপ্লব, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের শাহিদ আহমেদ সোহাগ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ফারুক আহমাদ আরিফ, জাগো নিউজ২৪ডটকমের ডিএম নাজমুল হুসাইন, দৈনিক সমকালের জাহিদুর রহমান, আজকের পত্রিকার সাইফুল মাসুম, এটিএন নিউজের ফেরদৌস রহমান, দৈনিক যুগান্তরের ইয়াসিন রহমান এবং এখন টেলিভিশনের সাজিদ আরাফাত।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ মাসুম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় কৃষি খাতের অবদান অনস্বীকার্য। আর এই খাতের সম্ভাবনা ও সমস্যাগুলো গণমাধ্যমে তুলে ধরে কৃষকদের পথ দেখাচ্ছেন কৃষি সাংবাদিকরা। বিএআরএফ-এর এই উদ্যোগ সাংবাদিকদের আগামীতে আরও বস্তুনিষ্ঠ ও গবেষণাধর্মী সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বিসিএস (অবসরপ্রাপ্ত) কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশনের মহাসচিব আহমেদ ইকবাল চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, বিশিষ্ট ফল বিশেষজ্ঞ কৃষিবিদ মেহেদী মাসুদ, বিএআরসির বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মো. মনির হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক।

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের পক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ফেরদৌস রহমান ও শাহাদাত হোসেন বিপ্লব। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক এবং কৃষিবিদরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন