রাজধানীতে নির্মানাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যু
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পা পিছলে নিচে পড়ে তাজিম (২২) নামের এক তরুণ স্যানিটারি মিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে আটটার দিকে পূর্বাচলের স্বদেশ প্রপার্টিজ এলাকার একটি ২০ তলা নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী ও সাথে কাজ করা আরিফুল ইসলাম তুষার জানান, তিনি ও তাজিম একসঙ্গে ওই ভবনে কাজ করতেন। প্রায় দুই মাস আগে স্যানিটারি কাজের পেশায় যোগ দিয়েছিলেন তাজিম। ঘটনার রাতে ভবনের বেসমেন্টে প্রায় একতলা সমান উঁচু স্থানে মইয়ে উঠে স্যানিটারির কাজ করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত মই থেকে পা পিছলে নিচে পাকা মাটিতে পড়ে গিয়ে তার মাথার পেছনে গুরুতর আঘাত লাগে।
নিহতের মামি শারমিন আক্তার জানান, রাত ৯টার দিকে স্বদেশ কোম্পানির পক্ষ থেকে ফোন করে তাদের দুর্ঘটনার বিষয়টি জানানো হয়। পরে তারা জানতে পারেন, ২০ তলা নির্মাণাধীন ভবনটির ৩ নম্বর বেসমেন্টে কাজ করার সময় উপর থেকে নিচে পড়ে তাজিম গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিহত তাজিমের গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা থানার বড় কাজুলী গ্রামে। তার বাবার নাম ইয়ামিন মোল্লা। দুই ভাইয়ের মধ্যে বড় তাজিম জীবিকার টানে ৩০০ ফিট এলাকার স্বদেশ প্রপার্টিজ এলাকাতেই থাকতেন। মাত্র এক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিহতের মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।