ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৯২
অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় মোট ২৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা পৃথকভাবে এই অভিযানগুলো পরিচালনা করে। এর মধ্যে মিরপুর বিভাগ ১০৬ জন, তেজগাঁও বিভাগ ১০৫ জন, ওয়ারী বিভাগ ৬৯ জন, মতিঝিল বিভাগ ৬১ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, রমনা বিভাগ ২৬ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেনসিডিল ও ১১টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া অভিযানের মাধ্যমে একজন ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।