তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ণ
তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর সূত্রাপুরের বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মতিউর রহমান বলেন, “ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। মিছিল চলাকালে কয়েকজন যুবক মিলে তাকে আচমকা ধাওয়া দিয়ে মিছিলের বাইরে নিয়ে যায়। পরে পাশে একটি নির্মাণাধীন ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।” ওসি আরও জানান, নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে পবিত্র আশুরার তাজিয়া মিছিলের কোনো প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ব্যক্তিগত বা অন্য কোনো বিরোধের জেরে ওই যুবককে একটি নির্মাণাধীন ভবনের নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিখুঁতভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন