এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনে শীর্ষে ঢাকা
অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এসব শিক্ষার্থী ইংরেজি, বাংলা ও আইসিটিসহ বিভিন্ন পত্রে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র (বিষয়) পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ করার আবেদন জানিয়েছেন।
১১টি শিক্ষা বোর্ডের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বোর্ডভিত্তিক প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বাধিক ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি এবং দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন জমা পড়েছে।
এছাড়া অন্যান্য বোর্ডের আবেদনের চিত্র:রাজশাহী বোর্ড: ১ লাখ ৯ হাজার ৯৭১টি , যশোর বোর্ড: ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ড: ৯২ হাজার ৭৬৬টি, দিনাজপুর বোর্ড: ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহ বোর্ড: ৭১ হাজার ৭৬২টি, বরিশাল বোর্ড: ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ড: ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৪০ হাজার ৮৩০টি, কারিগরি শিক্ষা বোর্ড: ২৬ হাজার ৮০৬টি
ঢাকা বোর্ডের বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলা, ইংরেজি, আইসিটি ছাড়াও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বিপুলসংখ্যক উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন এসেছে।
এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে সমানসংখ্যক অর্থাৎ ৪২ হাজার ২২টি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিষয়ে ৩৮ হাজার ৭৫টি আবেদন জমা পড়েছে। ঢাকা বোর্ডে এই দুটি বিষয়েই সর্বোচ্চসংখ্যক খাতা চ্যালেঞ্জ করা হয়েছে।
পাশাপাশি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়ে। বিজ্ঞান বিভাগের রসায়নে প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৪২টি করে এবং জীববিজ্ঞানে ১৫ হাজার ৭৫৭টি করে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করা হয়। এছাড়া মানবিক বিভাগে পৌরনীতি ও সুশাসনে ৩ হাজার ৫৭১টি এবং ব্যবসায় শিক্ষায় হিসাববিজ্ঞানে ৩ হাজার ৮২৭টি আবেদন জমা পড়ে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিলেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং জিপিএ-৫ পান ৪০ হাজার ৮৪ জন। কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে পুনর্নিরীক্ষার এই আবেদন জানান।