আলবেনিয়ার পরিবর্তে অন্য কোথাও হতে পারে পরবর্তী ন্যাটো শীর্ষ সম্মেলন
অনলাইন ডেস্ক: আগামী বছরের ন্যাটো শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় অনুষ্ঠিত হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে রামার সরকার সামরিক জোট নেটোর কাছে সমালোচনার মুখে রয়েছে। একইসঙ্গে নিজ দেশেও তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে।
বৃহস্পতিবার ডাবলিনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলনের আগে ইদি রামা সাংবাদিকদের জানান, আগামী ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে, তা নিয়ে জোটে এখনও পূর্ণ ঐকমত্য হয়নি এবং ২০২৭ সালের আয়োজনও নিশ্চিত নয়। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যদি ২০২৮ সালে সম্মেলন হয়, তখন তা আলবেনিয়ার রাজধানী তিরানায় হতে পারে। অন্যদিকে, নেটোর একজন কর্মকর্তা জানিয়েছেন যে পরবর্তী শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় হওয়ার কথা থাকলেও এর নির্দিষ্ট দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে গত জুনে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল যে, আলবেনিয়ায় নেটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে শুরু থেকেই সংশয় তৈরি হয়েছিল। তিরানার পক্ষ থেকে প্রতিরক্ষা খাতে কম বরাদ্দ রাখার বিষয়টিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবং অন্যান্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ন্যাটো নেতারা এর আগে হেগে ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ঘোষণায় জানিয়েছিলেন যে ২০২৬ সালে তুরস্কে সম্মেলন হবে এবং তারপর আলবেনিয়ায় পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে। চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় সম্মেলন হলেও পরবর্তী শীর্ষ সম্মেলনের কোনো নির্দিষ্ট সময় বা স্থান তখন জানানো হয়নি। কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ন্যাটো বর্তমানে বার্ষিক সম্মেলনের প্রচলিত রীতি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের শেষপর্যায়ের সম্ভাব্য যেকোনো রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা এড়ানো যায়। ফলে চলতি বছরেই নেটোর পক্ষ থেকে তড়িঘড়ি করে অন্য কোথাও একটি সম্মেলন করা হতে পারে, যা তিরানায় হচ্ছে না।
আন্তর্জাতিক চাপের পাশাপাশি দীর্ঘ ১৩ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ইদি রামাকে নিজ দেশেই তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে হচ্ছে। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে আলবেনিয়ার দক্ষিণ উপকূলে ভারনেকের সুরক্ষিত জলাভূমি ভিয়োসা-নেত্রায় একটি বিলাসবহুল রিসোর্ট নির্মাণের প্রাথমিক অনুমোদন দেওয়ার পর থেকেই রামা তীব্র জনরোষের মুখে পড়েন।
‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিত সরকারবিরোধী এই বিক্ষোভ বর্তমানে রূপ নিয়েছে প্রধানমন্ত্রী ইদি রামার পদত্যাগের এক দফা দাবিতে। গত অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় ছাত্ররাও এই বিক্ষোভে জোরালোভাবে যুক্ত হয়েছেন। বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ব্যয় কমানো, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশজুড়ে চরম দুর্নীতির বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ।
তবে পদত্যাগের সব দাবি সরাসরি নাকচ করে ইদি রামা দাবি করেছেন যে, আলবেনিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কঠোর আইন মেনেই ওই রিসোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রাহ্য করে তাঁর সরকার এটিকে রাজনৈতিক বিরোধীদের একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছে।