এপেক সম্মেলনের আগে তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ চীনের নজিরবিহীন নৌ-মহড়া

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
এপেক সম্মেলনের আগে তাইওয়ানকে ‘ভয় দেখাতে’ চীনের নজিরবিহীন নৌ-মহড়া

অনলাইন ডেস্ক: নভেম্বরের শুরুতে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই পশ্চিম প্রশান্ত মহাসাগর ও তাইওয়ানের আশপাশে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা একে ‘নীরবে ভয় দেখানোর অভিযান’ বলে বর্ণনা করেছেন। তাদের মতে, আসন্ন বড় আন্তর্জাতিক বৈঠকের আগে তাইওয়ানসহ বিভিন্ন দেশকে চাপে ফেলতেই চীন এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে।

বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক তাইওয়ানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, চলতি মাসের শুরুর দিকে একপর্যায়ে ওই অঞ্চলে চীনের সামরিক বাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর একশর বেশি জাহাজ একসঙ্গে অবস্থান করছিল। এসব মহড়ায় অন্য দেশের সামরিক বাহিনী ও তাইওয়ানের বিভিন্ন শহরে সুনির্দিষ্ট হামলার অনুশীলনও করা হয়। ওই কর্মকর্তার দাবি, চীনের এবারের নৌবাহিনীর তৎপরতা প্রায় এক বছর আগে তাইওয়ানকে লক্ষ্য করে চালানো ‘জাস্টিস মিশন ২০২৫’ মহড়ার চেয়েও আকারে অনেক বড় ছিল এবং এটি চীনের ইতিহাসে সবচেয়ে বড় নৌবাহিনী মোতায়েনের ঘটনাগুলোর একটি।

তাইওয়ানের ওই নিরাপত্তা কর্মকর্তা জানান, সর্বশেষ এই গোপন সামরিক মহড়ার সময় চীনের একটি সাবমেরিন হলুদ সাগর থেকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করে, যা চীনের মূল ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত হয়। বিষয়টির তীব্রতা বোঝাতে তিনি বলেন, “এটি একটি নীরব মহড়া। আসলে এটি নীরবে ভয় দেখানোর কৌশল। বিষয়টি অনেকটা এমন যে, একজন ডাকাত তার কোটের পকেটে বন্দুক লুকিয়ে ব্যাংকে ঢুকেছে এবং বন্দুকের নল তাক করা আছে ব্যাংক কর্মকর্তার দিকে। ভয়ে ওই কর্মকর্তা ডাকাতকে টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু ডাকাত এমনভাবে কাজ করছে যাতে কোনো সতর্কসংকেত না বাজে বা বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে না আসে।”

আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এ বছর তৃতীয়বারের মতো বৈঠক করার কথা রয়েছে এবং এপেকের সদস্য হিসেবে তাইওয়ানও এই সম্মেলনে অংশ নেবে।

একটি বিদেশি গোয়েন্দা সূত্র জানিয়েছে, চীনের পক্ষ থেকে কোনো প্রকাশ্য ঘোষণা না থাকায় এই ‘নামহীন নীরব মহড়া’ একটি অত্যন্ত পরিকল্পিত পদক্ষেপ। এর মাধ্যমে বেইজিং আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া এড়িয়েই সুনির্দিষ্ট সামরিক চাপ তৈরি করতে সক্ষম হচ্ছে।

তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চীনের সামরিক তৎপরতার বিস্তারিত তথ্য প্রকাশ করে জানিয়েছেন, চীনের উত্তর, পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের নৌবহর এবং লিয়াওনিং বিমানবাহী রণতরির আক্রমণকারী বহর ফিলিপাইনের পূর্ব দিকের জলসীমায় এখনো সক্রিয় রয়েছে। পাশাপাশি তাইওয়ানের কাছাকাছি চীনা বিমানবাহিনীর তৎপরতাও এখনো অনেক উঁচুতে রয়েছে।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও, তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগের পথ কখনোই পুরোপুরি বাদ দেয়নি বেইজিং। তবে চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদপত্র গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানের ক্ষমতাসীন দল যদি বিদেশি শক্তির সহায়তা নিয়ে বা সামরিক উপায়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা করে, তবে তাদের কঠিন পরিণতির মুখে পড়তে হবে।