এসএসসিতে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন,

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
এসএসসিতে জিপিএ-৫ কমেছে ১৯ হাজার ৯ জন,
এসএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক ফলাফল প্রকাশ

অনলাইন ডেস্কঃ প্রকাশিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে সম্মিলিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে। তবে ফলাফলের সর্বোচ্চ স্মারক 'জিপিএ-৫' অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় চোখে পড়ার মতো কমে গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশজুড়ে মোট ১ লাখ ২৫ হাজার ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। তবে এবার জিপিএ-৫ লাভ করেছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। সেই হিসেবে বিদায়ী বছরের তুলনায় এবার ১৯ হাজার ৯ জন কম শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

আজ সোমবার (১০ আগস্ট, ২০২৬) সকাল ১০টার দিকে একযোগে অনলাইনে, মোবাইল এসএমএসে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশ্যে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী রয়েছে।

উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা ২০ মে এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা ২৪ মে শেষ হয়। সাধারণত লিখিত পরীক্ষা সম্পন্নের ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নিয়ম থাকলেও এবার নির্ধারিত সময়সীমার প্রায় তিন সপ্তাহ পর এই ফলাফল ঘোষণা করা হলো।

ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এ সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও প্রক্রিয়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তিতে জানানো হবে।

মন্তব্য করুন