ছোট আয়োজনেই নতুন জীবন শুরু করবেন আমির খান
বিনোদন ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে এতদিন যে গুঞ্জন চলছিল, তার অবসান ঘটতে চলেছে। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের চর্চিত প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেতা।
আমির খান নিজেই তার বিয়ের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কোনো ধরনের জমকালো উৎসব বা আড়ম্বর নয়, বরং মুম্বাইয়ে নিজেদের বাসভবনে একেবারেই ঘরোয়া ও সাদামাটা আয়োজনে আইনি বিয়ের মাধ্যমে এই জুটি নতুন পথচলা শুরু করবেন। অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য ও কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।
২০২৪ সালের শেষের দিকে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটের সঙ্গে আমির খানের প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্পর্কের বিষয়টি দীর্ঘ সময় গোপনীয় রাখলেও, নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে জনসমক্ষে নিয়ে আসেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন এই অভিনেতা।
আমির খানের ব্যক্তিগত জীবনের এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাওকে বিয়ে করেছিলেন। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতন পেরিয়ে এবার গৌরী স্প্র্যাটের হাত ধরে দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
বলিউডের অন্দরমহলে আমিরের এই বিয়ের সিদ্ধান্তকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। তবে শাহরুখ কিংবা সালমান খানের মতো তারকারা এই অনুষ্ঠানে আমন্ত্রিত কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
জান্নাত সকালবেলা
|