শ্যামনগরে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগরে দেশের অন্যতম বৃহৎ চিংড়ি পোনা (পিএল) মার্কেটের মধ্য দিয়ে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অপরিকল্পিত ড্রেন নির্মাণের প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (২২ জুন) সকালে উপজেলার বংশীপুর চিংড়ী পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে ক্রয়-বিক্রয় কেন্দ্রের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও শতশত সাধারণ বাসিন্দা অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমগ্র বাংলাদেশে মাত্র ৩টি চিংড়িপোনা বিক্রয়ের পাইকারি বাজার রয়েছে, যার মধ্যে শ্যামনগরের বংশীপুর পোনা (পিএল) মার্কেটটি সবচেয়ে বড়। বিগত ৩০ বছর যাবত বংশীপুর বাজারে এই ব্যবসা চললেও আগে কোনো শেড (ছাওনি) ছিল না। পরবর্তীতে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাস্তবায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে ‘কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিসারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দুই বছর পূর্বে এই আধুনিক মার্কেটটি নির্মাণ করা হয়।

বংশীপুর পোনা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এস. কে কামরুজ্জামান কচির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক কাদের গাজী, সহ-সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক বাবু, ব্যবসায়ী ফারুক হোসেন ও মো. আব্দুল আহাদ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিংড়ি খাতের অন্যতম চালিকাশক্তি এই বংশীপুর বাজার। প্রতিদিন এখানে বিপুল পরিমাণ চিংড়ি পোনা বেচাকেনা হয়। কিন্তু মৎস্য খাত ও ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই সওজ বিভাগ মার্কেটের ঠিক মাঝখান দিয়ে ড্রেন নির্মাণের আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। ড্রেনটি নির্মাণ করা হলে এই বৃহৎ বাজারের অবকাঠামো ও ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, যার ফলে হাজারো ব্যবসায়ী ও শ্রমিক জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বেন। তারা বাজারের ক্ষতি না করে বিকল্প নকশায় ড্রেন নির্মাণের জোর দাবি জানান।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান জানান, উপকূলীয় অঞ্চলের চারটি উপজেলার মানুষ মূলত এই মার্কেট থেকে চিংড়ি পোনা (পিএল) সংগ্রহ করে থাকেন। প্রতিদিন এখানে প্রায় কোটি টাকার ওপরে চিংড়ির পোনা কেনাবেচা হয়, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বাজারের ক্ষতি না করে উন্নয়ন কাজ করা দরকার।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন