স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে ফ্যাসিস্টদের মতো দলটির রাজনীতি নিষিদ্ধ করার জোরালো দাবি জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য (ঝালকাঠি-১) রফিকুল ইসলাম জামাল। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা এই শক্তিকে দেশের মাটিতে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে বলেছিলেন, নামের পরে ইসলাম থাকলেই ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন, তারা গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দেওয়ার মতো বিতর্কিত কথা বলেছেন। তাদের দলে থাকলে বিড়ির সুখ টানের মধ্যেও সব পাপ মাফ হয়ে যাবে। একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা ইসলামের নামে রাজনীতি করছে, সেই দলটি ১৯৭১ সালে এদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। মহান সংসদে দাঁড়িয়ে আমি দাবি জানাচ্ছি, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না এবং তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক।’

উল্লেখ্য, ঝালকাঠি-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফয়জুল হক এক নির্বাচনী সভায় মন্তব্য করেছিলেন যে, বিড়িতে সুখ টানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। এমন আপত্তিকর মন্তব্যের জেরে পরবর্তী সময়ে জামায়াত তাকে কারণ দর্শানো নোটিশও দিয়েছিল, যা সংসদে রফিকুল ইসলামের বক্তব্যে উঠে আসে।

মন্তব্য করুন