ডট বিডি ডোমেইনে ‘প্রিমিয়াম’ বিড়ম্বনা
নিজস্ব প্রতিবেদক: কোনো ধরনের আগাম বার্তা ছাড়াই ‘ডট বিডি’ (.bd) ডোমেইনের ওপর ‘প্রিমিয়াম’ তকমা বসিয়ে ফি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই আকস্মিক সিদ্ধান্তে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ হাজারো ডোমেইন ব্যবহারকারী চরম বিপাকে পড়েছেন।
প্রায় ২ হাজার ডোমেইনকে ‘প্রিমিয়াম’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলোর নিবন্ধন ফি ২০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার টাকা বা তার বেশি।ডোমেইন মালিকানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য অভিযোগ ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা, যা গ্রাহকদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। ঠিক কীসের ভিত্তিতে একটি সাধারণ ডোমেইনকে ‘প্রিমিয়াম’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার কোনো স্বচ্ছ ব্যাখ্যা বিটিসিএল দেয়নি।
প্রযুক্তি বিশেষজ্ঞ সৈয়দ আলমাস কবীর এই সিদ্ধান্তকে ‘নীতিগতভাবে প্রশ্নবিদ্ধ’ বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এর ফলে ডট বিডি ডোমেইনের প্রতি গ্রাহকদের আস্থা কমবে এবং নতুন উদ্যোক্তারা আন্তর্জাতিক ডোমেইনের (.com) দিকে ঝুঁকে পড়বে। তিনি আরও বলেন, “দীর্ঘদিন ব্যবহৃত ডোমেইনের ওপর হঠাৎ নবায়ন ফি বাড়িয়ে দেওয়া বৈষম্যমূলক।”
বিটিসিএলের উপ-মহাব্যবস্থাপক জয়ীতা সেন রিম্পী জানিয়েছেন, বিগত সরকারের সময় ‘ফ্ল্যাট রেট’ ৫০০ টাকা থাকায় রাজস্বের বড় ক্ষতি হচ্ছিল। তাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ১৯০০টি শব্দের একটি তালিকা করে ‘প্রিমিয়াম’ ক্যাটাগরি তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই নীতিমালা করা হয়েছে।
এক্সন হোস্টের প্রতিষ্ঠাতা সালেহ আহমেদ মনে করেন, এটি কোনোভাবেই প্রত্যাশিত ব্যবসায়িক চর্চা নয়। বিশেষ করে ব্যক্তি পর্যায় ও স্টার্টআপদের জন্য ২৫ হাজার টাকার নবায়ন ফি বহন করা প্রায় অসম্ভব, যা দেশের ডিজিটাল সেবা প্রসারে বড় বাধা হয়ে দাঁড়াবে।
ডট বিডি ডোমেইন বাংলাদেশের ডিজিটাল পরিচয়ের অন্যতম অংশ। কিন্তু বিটিসিএলের এই স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণে একদিকে যেমন গ্রাহক আগ্রহ হারাচ্ছে, তেমনি সরকারের ডিজিটাল রূপান্তরের লক্ষ্যটিও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, এই মূল্য নির্ধারণের মানদণ্ড প্রকাশ করা এবং বিদ্যমান গ্রাহকদের স্বার্থ রক্ষায় দ্রুত নীতিগত পরিবর্তনের।
জান্নাত সকালবেলা
|