আসছে কোক স্টুডিওর নতুন গান
বিনোদন প্রতিবেদক: বর্ষার আগমনী সুর আর আষাঢ়ের স্নিগ্ধতাকে সঙ্গী করে নতুন গান নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। এবারের গানটির শিরোনাম ‘মেঘ’। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের দ্বিতীয় গান হিসেবে এটি মুক্তি পাবে।
নতুন এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মাশা ইসলাম, মোহাম্মদ শোয়েব ও মৌসুমি। গানটির সুর ও সংগীতায়োজন সাজানো হয়েছে বর্ষার অনুভূতি, অপেক্ষা এবং নতুন শুরুর আশাকে কেন্দ্র করে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি মূলত শাস্ত্রীয় সংগীতের ‘মিঁয়া কি মালহার’ রাগ থেকে অনুপ্রাণিত।
বাংলা শাস্ত্রীয় সংগীতের ঐতিহ্যের সাথে সমকালীন সংগীতের এক অনন্য মেলবন্ধন ঘটানো হয়েছে এই গানে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে এতে আধুনিক কথ্য ভাষার ব্যবহারে পরিচিত অনুভূতির এক নতুন আঙ্গিক তুলে ধরা হয়েছে। গানটির মাধ্যমে প্রকৃতি, পুনর্জাগরণ এবং জীবনের নতুন সম্ভাবনার গল্প দর্শকদের সামনে তুলে ধরার প্রয়াস নিয়েছে কোক স্টুডিও।
গত ২৩ জুন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রুম ঝুম’ প্রকাশের মাধ্যমে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের শুভসূচনা হয়। ২০২২ সালে যাত্রা শুরুর পর থেকেই লোকসংগীত, শাস্ত্রীয় ধারা ও সমকালীন সুরের সমন্বয়ে তৈরি চমৎকার সব গান দিয়ে এই প্ল্যাটফর্মটি সংগীতপ্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
আজ সন্ধ্যায় গানটি প্রকাশের পর কোক স্টুডিও বাংলার অফিসিয়াল প্ল্যাটফর্মগুলোতে শ্রোতারা এটি উপভোগ করতে পারবেন।
জান্নাত সকালবেলা
|