শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না: মিষ্টি জান্নাত
ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ আসতেই মিষ্টি জান্নাত জানান, তিনি বরাবরই ব্রাজিলের সমর্থক। তার ভাষায়, “ছোটবেলা থেকেই ব্রাজিলের সাপোর্টার। একসময় কাকা, রোনালদিনহো প্রিয় ছিল, এখন নেইমার আমার ক্রাশ।” নেইমারের খেলা দেখার জন্য তিনি ব্যাকুল থাকেন বলেও জানান। মেসি এবং রোনালদোর প্রতিও তার ভালো লাগা রয়েছে বলে জানান এই অভিনেত্রী। মেসি বা নেইমারের সঙ্গে দেখা হলে কী করতেন—এমন প্রশ্নে তিনি জানান, সুযোগ পেলে নেইমারকে জড়িয়ে ধরে ভালোবাসা জানাতেন এবং মেসিকে বাংলাদেশের ইলিশ মাছ খেতে দিতেন।
বর্তমানে তিনি সজল ভাইয়ের সঙ্গে ‘দুজনে’সহ আরও একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। চিকিৎসক ও অভিনেত্রী—দুই পরিচয় থাকলেও অভিনেত্রী পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে ক্লিনিকেও তিনি নিয়মিত রোগী দেখেন বলে জানান।
বিয়ে নিয়ে প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত জানান, খুব দ্রুতই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এই বছরের শেষদিকে অথবা আগামী বছর তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। তবে পাত্র বা বিশেষ মানুষ নিয়ে এখনই কোনো তথ্য দিতে নারাজ এই তারকা।
চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছুই বলব না। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভুয়া নিউজ করে।”
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী। জানান, সুযোগ পেলে বাবাকেই জীবনে ফিরিয়ে আনতেন। ক্যারিয়ার নিয়ে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই তার। মিষ্টি জান্নাতের কথায়, “ভবিষ্যৎ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। আমার সবকিছুই হুটহাট করে হয়। প্ল্যান করে কাজ করলে সেটা এগোয় না।”
দর্শকদের উদ্দেশে তিনি বলেন, তিনি ভালো কাজ করে যেতে চান, বাকিটা দর্শকদের ভালো লাগার ওপর নির্ভর করে।
জান্নাত সকালবেলা
|