আটঘরিয়ায় দুই সরকারি অফিসে দুর্ধর্ষ চুরি
উপজেলা প্রতিনিধি, আটঘরিয়া (পাবনা): পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ চত্বরের কড়া নিরাপত্তাবেষ্টনীর ভেতরে অবস্থিত উপজেলা হিসাবরক্ষণ অফিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সাপ্তাহিক সরকারি ছুটির (শুক্রবার ও শনিবার) সুযোগ নিয়ে গভীর রাতে দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মূল্যবান মালামাল ও নথিপত্র চুরি করে নিয়ে গেছে।
হিসাবরক্ষণ অফিস সূত্রে জানা গেছে, এই অফিস থেকে একটি ওয়ালটনের ৩২ ইঞ্চি এলইডি টিভি, একটি সম্পূর্ণ ডেস্কটপ কম্পিউটার, একটি ২২ ইঞ্চি আলাদা মনিটর, দাপ্তরিক কাজে ব্যবহৃত একটি নোকিয়া মোবাইল ফোন, একটি ইউপিএস, ল্যাপটপের চার্জার, একটি রক্তচাপ মাপার যন্ত্র (বিপি মেশিন), ফার্স্ট এইড বক্সসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
অন্যদিকে, উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ কম্পিউটার এবং চুরির প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে সিসিটিভি ক্যামেরার মূল ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) বক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে গেছে চোরচক্র। এই অফিসে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ টাকা বলে জানা গেছে। দুই অফিস মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৩ লাখ টাকারও বেশি।
উপজেলা পরিষদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
খবর পেয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক দ্রুত ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং চুরির আলামত সংগ্রহ করেন। তিনি জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে ইতিমধ্যে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা
|