মাদ্রাসাছাত্র শরীফ ১১ দিন ধরে নিখোঁজ

প্রকাশ: রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
মাদ্রাসাছাত্র শরীফ ১১ দিন ধরে নিখোঁজ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মো. শরীফ নামে ১১ বছর বয়সি এক মাদ্রাসাছাত্র গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খুঁজেও ছেলের কোনো সন্ধান না পেয়ে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মা মোফাশেরা বেগম।

আজ রবিবার (২৮ জুন) সকাল পর্যন্ত নিখোঁজ শরীফের কোনো হদিস মেলেনি। নিখোঁজ শরীফ উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের রিকশাচালক করিম চৌধুরীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। নিখোঁজ শরীফের মা মোফাশেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঘটনার দিন ভোরে শরীফ ঘুম থেকে উঠে নামাজ পড়ে। পরে ওকে ২০ টাকা দিলে ও দোকান থেকে বিস্কুট কিনে এনে খায়। এরপর সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে ও আর ফেরেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকাসহ সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও ওর কোনো সন্ধান পাইনি।”

শরীফের ভগ্নিপতি মঈন উদ্দিন জানান, দীর্ঘ ১১ দিন ধরে শরীফ নিখোঁজ থাকায় তার মা অনবরত কান্না করছেন এবং পুরো পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে দ্রুত কমলনগর থানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) কাউছার আহমেদ জানান, মাদ্রাসাছাত্র শরীফের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে। পুলিশ দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন