ঢাকাই সিনেমায় শুভমুক্তি, বাংলাদেশে আসার জন্য উদগ্রীব মধুমিতা

প্রকাশ: রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ঢাকাই সিনেমায় শুভমুক্তি, বাংলাদেশে আসার জন্য উদগ্রীব মধুমিতা

বিনোদন ডেস্ক: অবশেষে নানা গুঞ্জন ও অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বড় পর্দায় বা ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্র দিয়ে ঘরে ঘরে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী ‘গুলশানের চামেলি’ শিরোনামের সিনেমার মাধ্যমে ঢালিউডে প্রথমবার কাজ করতে যাচ্ছেন।

‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’ খ্যাত প্রখ্যাত পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবালের নতুন এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। খবরটি নিশ্চিত করে কলকাতা থেকে মুঠোফোনে মধুমিতা জানান, চরিত্র ও চমৎকার গল্পের প্রেমে পড়েই তিনি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

উচ্ছ্বসিত মধুমিতা বলেন, “আমি খুবই এক্সাইটেড কাজটির জন্য। দীর্ঘদিন ধরেই নানা কাজে বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও ব্যাটে-বলে মেলেনি। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচ্ছে। গল্পের চরিত্রটিতে একাধিক ‘লেয়ার’ রয়েছে। কলকাতায় নানা ধরনের কাজ করলেও এমন চরিত্রে আগে কখনো অভিনয় করা হয়নি।”

চলচ্চিত্রের গল্প সূত্রে জানা গেছে, ‘গুলশানের চামেলি’ মূলত রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের উচ্চবিত্তের পেছনের অন্ধকার বাস্তবতা নিয়ে নির্মিত হতে যাচ্ছে। গল্পটি ঘুরবে একজন নারীকে ঘিরে, যে কি না ক্ষমতার বলির পাঁঠা হয়। সিনেমাটিতে প্রচলিত ঘরানার কোনো একক নায়ক থাকছে না; পরিস্থিতি অনুযায়ী গল্পের মূল নারী চরিত্রটিই মোড় ঘোরাবে।

চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হতে পারে। তবে মধুমিতার পাশাপাশি এই সিনেমায় আর কারা থাকছেন তা এখনও চূড়ান্ত রূপ পায়নি।

বাংলাদেশি দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করে মধুমিতা বলেন, “কলকাতার বাইরে বাংলাদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছে। ‘বোঝে না সে বোঝে না’র সময় থেকেই আমি সেই ভালোবাসা পাচ্ছি। আজকে আমি যা হয়েছি, তার বড় একটি অংশ জুড়েই রয়েছেন বাংলাদেশি দর্শকেরা। তাঁদের সঙ্গে দেখা করার জন্য আমি সত্যিই উদগ্রীব হয়ে আছি।”

একই সঙ্গে বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের ভূয়সী প্রশংসা করে এই অভিনেত্রী জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’ এবং গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ তাঁর বেশ প্রিয়। পাশাপাশি মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী এবং মেগাস্টার শাকিব খানের সাথে ভবিষ্যতে স্ক্রিন শেয়ার করার প্রবল ইচ্ছার কথা জানান এই সুন্দরী অভিনেত্রী।

উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে বাংলাদেশের একটি একক নাটকে কাজ করলেও ‘গুলশানের চামেলি’-ই হতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে তাঁর প্রথম চলচ্চিত্র সফর।

মন্তব্য করুন