তিন দিনেই ৩ হাজার ৭০০ কোটি টাকা আয় করেছে এই ছবি

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
তিন দিনেই ৩ হাজার ৭০০ কোটি টাকা আয় করেছে এই ছবি

বিনোদন ডেস্ক: অ্যানিমেটেড ছবির জগতে আবারও ইতিহাস তৈরি করল ‘টয় স্টোরি’। ফ্র্যাঞ্চাইজিটির পঞ্চম কিস্তি ‘টয় স্টোরি ৫’ মুক্তির মাত্র তিন দিনেই বিশ্বজুড়ে ৩১২ মিলিয়ন ডলার বা প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা আয় করেছে। এই সাফল্য ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন ইতিহাসের সর্বোচ্চ ওপেনিং উইকেন্ডের রেকর্ড গড়েছে।

ছবিটির এই বিপুল আয়ের মধ্যে ১৬০ মিলিয়ন ডলার এসেছে যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজার থেকে এবং ১৫২ মিলিয়ন ডলার এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘টয় স্টোরি ৪’ এর রেকর্ড (২৩৮ মিলিয়ন ডলার) ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল এই ফ্র্যাঞ্চাইজি। বিশ্ববাজারে মেক্সিকো, যুক্তরাজ্য ও চীন থেকে ছবিটি সবচেয়ে বেশি সাড়া পেয়েছে।

২৫০ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন অ্যান্ড্রু স্ট্যান্টন। বর্তমান সময়ের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই ছবির গল্পে, যেখানে শিশুরা স্মার্ট গ্যাজেট বা প্রযুক্তির প্রতি বেশি আসক্ত। গল্পে উডি ও বাজ লাইটইয়ারের মতো জনপ্রিয় চরিত্রগুলোকে বনির একটি স্মার্ট ট্যাবলেটের কারণে সৃষ্ট নতুন সংকটের মুখোমুখি হতে দেখা যায়।

ছবিটির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, গ্রিটা লি, কোনান ও’ব্রায়েন এবং শেলবি রাবারার মতো তারকারা। দর্শক ও সমালোচকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়ায় অনুমান করা হচ্ছে, ছবিটি চলতি বছরের অন্যতম ব্লকবাস্টার হতে যাচ্ছে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন