ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহ
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ও নজিরবিহীন তাপপ্রবাহে পুড়ছে পুরো ইউরোপ। আজ শুক্রবার (২৬ জুন) মহাদেশটির অন্তত ১৫ কোটি মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তীব্র তাপমাত্রার মুখোমুখি হচ্ছেন। এর মধ্যে শুধু জার্মানি ও ফ্রান্সেই যথাক্রমে পাঁচ কোটি ও তিন কোটির বেশি মানুষকে এই চরম প্রতিকূল আবহাওয়া সহ্য করতে হচ্ছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, তুরস্ক বাদে ইউরোপের প্রায় ৪২ কোটি মানুষ—যা মহাদেশটির মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ—আজ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার মুখে পড়তে যাচ্ছেন। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন ও রেকর্ডভাঙা এই তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম স্পষ্ট ও বিপজ্জনক লক্ষণ। কার্বন নিঃসরণ না কমলে ভবিষ্যতে এ ধরনের তাপপ্রবাহ আরও দীর্ঘস্থায়ী এবং তীব্র রূপ নেবে।
জার্মানিতে চরম তাপ সতর্কতা
জার্মানির আবহাওয়া বিভাগ (ডিডব্লিউডি) এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে, আজ এবং আগামী সপ্তাহান্তে দেশটির প্রায় সব অঞ্চলে তীব্র গরম ছড়িয়ে পড়বে। আবহাওয়ার প্রতিকূল অবস্থা নির্দেশক জার্মানির জাতীয় মানচিত্রের প্রায় পুরোটাই ‘গাঢ় বেগুনি’ রঙে ঢেকে গেছে, যা দেশটির ইতিহাসে বিরল এবং ‘চরম তাপ সতর্কতা’ নির্দেশ করে। দেশের দক্ষিণ-পশ্চিমের কিরলাখ শহরে তাপমাত্রা ইতিমধ্যে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা জুন মাসের সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি।
ফ্রান্সে স্কুল বন্ধ, হাসপাতালে জরুরি অবস্থা
তীব্র গরমের কারণে ফ্রান্সে হাজার হাজার স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃদ্ধাশ্রম ও শিশু দিবাযত্ন কেন্দ্রগুলোতে জরুরি শীতলীকরণ ব্যবস্থা গড়ে তুলতে সরকার এবং বিদ্যুৎ কোম্পানি ইডিএফ মোট ১৩ কোটি ইউরো বরাদ্দ দিয়েছে। এদিকে তাপপ্রবাহজনিত অসুস্থতায় প্যারিসের হাসপাতালগুলোর ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। প্যারিসের পুলিশপ্রধান পাত্রিস ফোর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, চিকিৎসাব্যবস্থা ইতিমধ্যে সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ও হাসপাতালের ওপর চাপ কমাতে আজ থেকে প্যারিসে প্রকাশ্যে মদ্যপান ও মদ বিক্রি নিষিদ্ধ করেছে প্রশাসন। এ ছাড়া সপ্তাহান্তে প্যারিসে অনুষ্ঠেয় প্রাইড প্যারেডের উৎসবও বাতিল করা হয়েছে। এদিকে প্রচণ্ড গরম থেকে বাঁচতে জলাশয় ও নদীতে নেমে ফ্রান্সে ডুবে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে, যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী।
যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে নতুন রেকর্ড
গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যে জুন মাসের তাপমাত্রায় অলটাইম নতুন রেকর্ড তৈরি হয়েছে; দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা রেকর্ড ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। অন্যদিকে ইতিহাসে প্রথমবারের মতো তাপপ্রবাহের কারণে দেশজুড়ে সর্বোচ্চ ‘লাল সতর্কতা’ জারি করেছে নেদারল্যান্ডস। ডাচ আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করতে পারে। এ ছাড়া মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়াও শনিবারের জন্য সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে।
|