বিষাক্ত মদ পান করে ভারতে ১৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিনিধি: ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিষাক্ত চোলাই মদ সেবন করে গত ৪৮ ঘণ্টায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ তিন দশক ধরে রাজ্যটিতে মদ বিক্রি ও সেবন নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই হতাহতের ঘটনা অবৈধ মদের কারবারের বিস্তারকে নতুন করে সামনে এনেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব নাগাল্যান্ডের মোকোকচুং ও তুয়েনসাং জেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে। মোকোকচুংয়ে আটজন এবং তুয়েনসাংয়ে আরও ১১ জন মারা গেছেন।
মদে বিষাক্ত কোনো রাসায়নিক বা ক্ষতিকর উপাদান মেশানো ছিল কি না, তা নিশ্চিত হতে মারা যাওয়া ব্যক্তিদের নমুনা গুয়াহাটির ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আই. বুংলাং চ্যায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। একই সঙ্গে বেআইনি মদের রুট বন্ধে রাজ্যজুড়ে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি প্রায় তিন হাজার বোতল অবৈধ মদ জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে ‘নাগাল্যান্ড লিকার টোটাল প্রোহিবিশন অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর থেকে রাজ্যে মদ কেনাবেচা ও সেবন আইনত দণ্ডনীয়। তবে আইন বাস্তবায়নে শিথিলতার কারণে রাজ্যে চোরাই মদের একটি বিশাল কালোবাজার তৈরি হয়েছে বলে অভিযোগ বিশ্লেষকদের।
এআইএল/সকালবেলা