বাগেরহাটে ছয় বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মুসলিমা (৬) নামে এক শিশুর গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে শেখ জাহাঙ্গীর (৫৫) এবং তাঁর দুই ছেলে রমজান শেখ (২৩) ও আব্দুর রহমান শেখকে (১৯) আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া ইউনিয়নের কচুড়িয়া মধ্যপাড়া এলাকায় একটি পানের বরজের পাশ থেকে পলিথিনে মোড়ানো বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত মুসলিমা মোল্লাহাট উপজেলার কচুড়িয়া গ্রামের ইসলাম শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির আশপাশে খেলার সময় নিখোঁজ হয় মুসলিমা। স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে শেখ জাহাঙ্গীরের পানের বরজের পাশে বোরাবন্দি বস্তা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় লাশ উদ্ধার করে। শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে লাশ উদ্ধারের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষুব্ধ জনতা শেখ জাহাঙ্গীরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে থানা ও গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআইএল/সকালবেলা