গজারিয়ায় কারখানায় মারধরে শ্রমিকের মৃত্যুর অভিযোগ
মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ‘নিউ হোপ’ নামে একটি শিল্প প্রতিষ্ঠানে মো. বিল্লাল হোসেন (৬০) নামের এক ডে-লেবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাকাশি ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি গত সাত বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করে আসছিলেন।
নিহতের পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; মৃত্যুর আগে তাঁকে মারধর করা হয়েছে। নিহতের স্ত্রী আখি আক্তার অভিযোগ করে বলেন, স্বামীর কান কাটা, পায়ে আঘাতের চিহ্ন এবং রক্তাক্ত মাথা দেখতে পেয়েছেন তাঁরা। শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
এ বিষয়ে নিউ হোপ কোম্পানি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এআইএল/সকালবেলা