জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ণ
জামায়াতের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন: ফজলুর রহমান

বিশেষ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের চেয়ে সাপকে বেশি বিশ্বাস করবেন বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দেশে কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্যে জামায়াতকে নিশানা করে ফজলুর রহমান বলেন, ‘সাপ ও জামায়াত একসঙ্গে সামনে এলে আগে জামায়াত থেকে সতর্ক হবেন, তারপর সাপের মুখোমুখি হবেন।’ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির ভূমিকা তুলে ধরে তিনি নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সতর্ক থাকার আহ্বান জানান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় বিএনপিকে দেখতে চাইলে সততা বজায় রাখতে হবে। চাঁদাবাজি, অনিয়ম কিংবা ক্ষমতার অপব্যবহার করলে জনগণ তা মেনে নেবে না।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কড়া সমালোচনা করে ফজলুর রহমান বলেন, টানা তিন দফায় দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করার ওপর জোর দেন তিনি।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন