বেতাগীতে স্কুলছাত্রীর দাঁত ভেঙে দেওয়া সেই বখাটে গ্রেপ্তার
মোঃ সোহেল রানা, বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগীতে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে মারধরের ঘটনায় করা মামলার প্রধান পলাতক আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। এতে ব্যর্থ হয়ে শিশুটিকে বেধড়ক মারধর করা হলে তার সামনের তিনটি দাঁত উপড়ে যায় এবং দুটি দাঁত ভেঙে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অন্যান্য আসামিরা ধরা পড়লেও ফয়সাল আত্মগোপনে ছিলেন এবং তার গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়ার জন্য বেতাগী থানায় হস্তান্তর করা হয়েছে।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ হাওলাদার জানান, যৌথ তৎপরতায় মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা