দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার ১০ যুদ্ধবিমান

প্রকাশ: শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার ১০ যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক ঃ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাডিজ) চীন ও রাশিয়ার ১০টিরও বেশি সামরিক বিমান প্রবেশের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ এ তথ্য জানিয়েছে। এই অনাকাঙ্ক্ষিত প্রবেশের পর সিউল দ্রুত ব্যবস্থা হিসেবে নিজেদের যুদ্ধবিমান আকাশে পাঠিয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, চীনা ও রুশ বিমানগুলো দক্ষিণ কোরিয়ার পূর্ব ও দক্ষিণ সাগরের ওপর দিয়ে কাডিজে প্রবেশ করে এবং কিছুক্ষণ অবস্থানের পর এলাকাটি ত্যাগ করে। তবে কোনো বিমানই দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন করেনি।

আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল (ADIZ) মূলত একটি নজরদারি এলাকা। এটি কোনো দেশের আকাশসীমার অন্তর্ভুক্ত নয়, তবে নিরাপত্তার স্বার্থে এখানে প্রবেশকারী বিমানগুলোকে আগে থেকে শনাক্ত করা হয়। আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এই অঞ্চলে প্রবেশের আগে সংশ্লিষ্ট দেশকে অবহিত করার নিয়ম থাকলেও তা আইনত বাধ্যতামূলক নয়।

গত কয়েক বছরে পূর্ব এশীয় অঞ্চলে এ ধরনের ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এই ঘটনা নিয়ে চীন ও রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা বিমানগুলোর গতিবিধির ওপর কড়া নজর রেখেছিল এবং যথাযথ সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আকাশপথে নিরাপত্তার খাতিরে এ ধরনের অনুপ্রবেশের ওপর সিউল সবসময় সজাগ দৃষ্টি বজায় রাখে।

মন্তব্য করুন